বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়েছে ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গেছে ইংলিশরা।
ম্যাচের একেবারে শুরুতেই ইংল্যান্ডের এলিয়ট অ্যাান্ডারসনকে ফাউল করার ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তবে রেফারির হস্তক্ষেপে ঘটনা বেশিদূর এগোয়নি।
৩৫ মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ইংল্যান্ডের ফ্রি কিক আটকে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। প্রথমার্ধে দুই দল শারীরিকভাবে বেশ আক্রমণাত্নক ছিল।
মোট ১৯টি ফাউল করেছে দুই দল। আর্জেন্টিনার ১২টির বিপরীতে ৭টি ফাউল করেছে ইংল্যান্ড। অন টার্গেটেও কোনো শট নিতে পারেনি কোনো দল। এতে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে লিড নেয় ইংল্যান্ড। ডান প্রান্তে মরগান রজার্সের ক্রসে দারুণ এক গোলে ইংলিশদের এগিয়ে দিয়েছেন অ্যান্থনি গর্ডন।

