বিশ্বকাপ মৌসুমে ফুটবল প্রেমীদের একেঅপরের বাকযুদ্ধ যেন খেলা দেখার আনন্দকে বাড়িয়ে তুলেছে দ্বিগুণ। এক্ষেত্রে পিছিয়ে নেই তারকারাও।
সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার ফাইনালে ওঠায় স্যোশাল মিডিয়ায় চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মধ্যকার মজার বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে।
আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের পর ওমর সানীকে ট্যাগ করে ফেসবুকে একটি রসাত্মক পোস্ট দিয়েছেন জয়। সেখানে আলবিসেলেস্তেদের দেওয়া গোলগুলোকে চিত্রনায়িকা মৌসুমীর সেই চাবুকের সঙ্গে তুলনা করেছেন তিনি।
ম্যাচ শেষে ফেসবুকে ওমর সানীকে ট্যাগ দিয়ে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল।’
জয়ের এই পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টটি করার মাত্র এক ঘণ্টার মধ্যে সেখানে হাজারো মন্তব্য দেখা যায়।
মূলত এই চাবুক লড়াইয়ের সূত্রপাত হয়েছিল ব্রাজিল সমর্থক ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে। ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর মন্তব্যকে ঘিরে জয় কৌতুক করার পর পাল্টা জবাবে ওমর সানী ফেসবুকে লিখেছিলেন, জয়কে মারার জন্য তিনি ‘অরিজিনাল চাবুক’ অর্ডার দিয়েছেন। সেই চাবুক তত্ত্বকে টেনে এনেই আর্জেন্টিনা জেতার পর জয় এই নতুন খোঁচাটি দিলেন। যেন বোঝাতে চাইলেন, আর্জেন্টিনার গোলগুলো ঠিক তেমনই নিখুঁত ও জোরালো ছিল, যা কোনো তুলার তৈরি নকল চাবুক নয়, বরং অরিজিনাল চাবুকের মতোই আঘাত করেছে প্রতিপক্ষকে।
জয়ের এই পোস্টের পর নেটিজেনরাও মেতে উঠেছেন চরম রসিকতায়। মন্তব্যঘরে ভক্তরা পুরো ঘটনাকে বেশ উপভোগ করছেন। এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘এই পোস্টের পরে কি ওমর সানী আবারও আপনাকে আসল চাবুকের ভয় দেখাবে?’ একই মন্তব্য করতে দেখা গেছে আরও অনেককেই।
ফুটবল উন্মাদনার এই রাতে দুই তারকার এমন প্রকাশ্য খুনসুটি ভক্তদের মাঝে বাড়তি বিনোদনের খোরাক জুগিয়েছে।

