ইরানে দীর্ঘ প্রায় আট মাস বন্দী থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন এক মার্কিন নারী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ওই নারীর মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১৫ জুলাই) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান, তিনি এখন ইরানের বাইরে নিরাপদে এবং সুস্থ আছেন। এই সদিচ্ছাপূর্ণ সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্র ইরানের প্রতি কৃতজ্ঞ।
তবে ট্রাম্প ওই নারীর নাম প্রকাশ করেননি। কেন তাকে আটক করা হয়েছিল সে বিষয়েও বিস্তারিত কিছু বলেননি। শুধু উল্লেখ করেছেন, তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল।
লক্ষণীয় বিষয় হলো, এই মুক্তির ঘোষণা এসেছে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা শুরুর মাঝেই। ৭ জুলাই থেকে ইরানে মার্কিন হামলা চলছে এবং গতকাল বুধবার পঞ্চম দিনের আক্রমণ চালানো হয়েছে। এর মধ্যেই ইরান এই মার্কিন নারীকে ছেড়ে দেয়।
ট্রাম্পের পোস্টের পরপরই ওই নারীর আইনজীবী জ্যারেড গেনসার বিবৃতি দিয়ে নাম প্রকাশ করেন। তিনি জানান, মক্কেলের নাম ডেনা কারারি। ইরানি বংশোদ্ভূত এই মার্কিন নাগরিককে শত্রুরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির ভিত্তিহীন অভিযোগে আটক করা হয়েছিল।
আইনজীবী বলেন, ডেনা কারারি ‘চিলড্রেন অব মেহর ফাউন্ডেশন’ নামে একটি অলাভজনক সংস্থা চালাতেন, যা ব্যক্তিগত অনুদানের মাধ্যমে ইরানের দরিদ্র শিশুদের সাহায্য করত। এই কাজের কারণেই তেহরানের নজরে পড়েন তিনি। বর্তমানে ডেনা কারারি ইরানের বাইরে নিরাপদে আছেন এবং যুক্তরাষ্ট্রে ফিরছেন।

