ময়মনসিংহ মেডিকেলে রোগী হয়রানি, অভিযানে ১৪ দালালের সাজা

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৬:৪৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে ১৪ দালালকে আটক করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতে আটকদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. আতিকুল ইসলাম (৪০), মোহাম্মদ রফিক আলী (৪৫), ইমরান বাদশা (৩০), আসাদ (৪৭), আহসান উল্লাহ (৩৭), মনির (৪৫), টুটুল আমিন (৪০), আনিস হোসেন (৪০), মো. রানা (৩০), মো. সোহাগ মিয়া (৩১), মনির হোসেন (৩৭), শিলা আক্তার (৫১), জীবন হোসেন (২৮) এবং আক্তার হোসেন (৩১)। তাদের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৬ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও প্রবেশপথে অবস্থান নিয়ে রোগী ও তাদের স্বজনদের টার্গেট করত। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা দরিদ্র ও অসহায় রোগীদের ভুল তথ্য দিয়ে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিভ্রান্ত করত। পরে উন্নত ও দ্রুত চিকিৎসার আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করত। হাসপাতালে দালালদের প্রতারণার বিষয় জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে দুই ঘণ্টা অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪ এর একটি দল। এ সময় ১৪ দালালকে আটক করে।

আটকদের মধ্যে একজন নারী ও ১৩ জন পুরুষ। অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দেন এবং বাকি ৬ জনকে অর্থদণ্ড দেন।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৪ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান। তিনি বলেন, সংঘবদ্ধ দালালচক্র দীর্ঘদিন ধরে হাসপাতালকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে। তারা রোগীদের বিভিন্ন কৌশলে প্রলুব্ধ করে হাসপাতালের বাইরে নিয়ে যায়। এতে একদিকে রোগীদের আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, হাসপাতালের ভেতর ও আশপাশের এলাকায় দালালচক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। সাধারণ রোগী ও তাদের স্বজনদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এপি