ম্যাচ শেষ হয়েছে অনেক আগেই। আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে ফাইনাল নিশ্চিত হওয়ার উচ্ছ্বাস তখনও পুরোপুরি থামেনি। ঠিক সেই সময় গোলপোস্টের সামনে পড়ে থাকা একটি পানির বোতল হাতে তুলে নেন নিকো গঞ্জালেস। বোতলটি খেয়াল করতেই দেখা যায়, তাতে লেখা রয়েছে আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম। বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে লিওনেল মেসিকে ডাকেন তিনি। পরে ডিফেন্ডার মার্কোস সেনেসি ও দলের এক স্টাফ সদস্যকে নিয়ে চারজনে মিলে যেন বসলেন রহস্য উদ্ধার করতে। কী লেখা আছে সেই বোতলে?
দেখতে আর দশটা বোতলের মতো হলেও আদতে ওটা একটা ‘উত্তরপত্র’। ডাকটেপ দিয়ে আটকানো কাগজে লিখে রাখা হয়েছিল ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ডের জন্য। আর্জেন্টিনার ফুটবলারদের টাইব্রেকারে কে কোন দিকে শট নিতে পারেন, আর কার জন্য কোন দিকে ঝাঁপ দিতে হবে, সেসবই লেখা ছিল বোতলের গায়ে থাকা কাগজটিতে। শুধু লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ বা হুলিয়ান আলভারেজই নন, আর্জেন্টিনার তৃতীয় গোলকিপার হেরেনিমো রুলিকে নিয়ে পর্যন্ত নির্দেশনা ছিল সেখানে।
যেমন মেসির জন্য বাঁয়ে ফেক (ভান) দিয়ে ঝাঁপ দিতে হবে ডানে। মন্তিয়েলের জন্য ঝাঁপ দিতে হবে বাঁয়ে। পারেদেসের ক্ষেত্রে একটু বাঁয়ে দাঁড়িয়ে ঝাঁপ দিতে হবে ডানে। এনজো ফার্নান্দেজের জন্য আবার দাঁড়িয়ে থাকতে হবে মাঝে। কোনো ম্যাচে একটি মিনিট খেলতে না পারা গোলকিপার হেনেরিমো রুলি যদি টাইব্রেকারে শট নিতে আসেন, সে ক্ষেত্রে ঝাঁপ দিতে হবে বাঁয়ে।
ইংল্যান্ড দলের অ্যানালিস্ট যে সব আর্জেন্টাইনের তথ্য বের করে দিতে পেরেছিলেন, তা নয়। ক্রিস্টিয়ান রোমেরো, হুয়ান মুসো ও এমিলিয়ানো মার্তিনেজের কোনো পেনাল্টি রেকর্ড না থাকায় তাঁদের নাম ছিল না তালিকায়। সবচেয়ে মজার তথ্য ছিল বোধ হয় থিয়াগো আলমাদার ব্যাপারে। আর্জেন্টাইন স্ট্রাইকারের নামের পাশে লেখা ছিল, যেদিকে মন চাইবে সেদিকে লাফ দিয়ো।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা বা ইংল্যান্ড, কারও ম্যাচই টাইব্রেকার পর্যন্ত গড়ায়নি। তবে মূল খেলায় মোট তিনটি পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা। সেখান থেকে লিওনেল মেসি ১টি জালে জড়াতে পারলেও ২টি মিস করেছেন। কিন্তু বাড়তি সতর্কতার জন্য টিম অ্যানালিস্টের সাহায্য নিয়েছিলেন পিকফোর্ড।
টাইব্রেকারের সম্ভাবনা মাথায় রেখেই ডাকটেপে আটকানো সেই পানির বোতল প্রস্তুত রেখেছিল ইংল্যান্ড। কিন্তু সেটি ব্যবহারের প্রয়োজনই পড়েনি। নির্ধারিত সময়ের মধ্যেই ২-১ গোলে আর্জেন্টিনার কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় তারা।
তবে ইংল্যান্ডের সেই প্রস্তুতির অংশ এখন স্পেনের আগ্রহের বিষয় হতে পারে। কারণ ১৯ জুলাই নিউ জার্সিতে আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামছে স্পেন।

