জুলাই গণঅভ্যুত্থানের পর এখনও সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবসের এক বার্তায় তিনি এসব কথা বলেন।
আবু সাঈদের রক্ত জাতির ওপরে বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছিল উল্লেখ করে রেজাউল করীম বলেন, চব্বিশের জুলাইয়ের এই দিনে পুলিশের বুলেটের সামনে আবু সাঈদ যখন বুক পেতে দিয়েছিলেন তখন তিনি বৈষম্য, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সব ধরনের অনিয়ম ও স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপের জন্য বুক পেতেছিলেন।
রেজাউল করীম বলেন, আবু সাঈদের মৃত্যুর পরে দুই বছর পার হলেও তার রক্তের দায় শোধ হয় নাই। সংস্কারের কিছুই হয় নাই। পতিত স্বৈরাচারের বিচার হয় নাই। সবচেয়ে আফসোসের বিষয় হলো, জুলাই সনদ বাস্তবায়নে গৃহীত গণভোটের রায়কে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হলেই আবু সাঈদসহ সব শহীদের রক্তের দায় শোধ করা হবে; না হলে জাতি হিসেবে সবাই বিশ্বাসঘাতকতার পাপে দায়বদ্ধ হবো।

