জামালপুর রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকাগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি সোয়া দুই ঘণ্টারও বেশি সময় আটকে ছিল। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করা হলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টা ৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। যাত্রী ওঠানামা শেষে ট্রেনটি স্টেশন ছাড়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি স্টেশনেই আটকে পড়ে এবং দীর্ঘ সময় অপেক্ষায় থেকে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লেখ করে বলেন, জামালপুর স্টেশনে পৌঁছানোর পরপরই তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। ফলে ট্রেনটি ২ ঘণ্টা ১৭ মিনিট স্টেশনে অবরুদ্ধ ছিল। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করার পর সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হয়।

