পথসভায় এনসিপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা’, পরে বললেন, ‘সরি, সরি’

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৫:০০

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সদরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় বক্তব্য শেষে ভুলবশত ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত ওই কর্মসূচির সভাপতি ও এনসিপির সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম এই স্লোগান দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, শফিজল ইসলাম তার বক্তব্যের শেষ পর্যায়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে কথা বলছেন। বক্তব্য শেষে তিনি বলেন, ‘এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা।’ স্লোগানটি দেওয়ার মুহূর্তেই তিনি নিজের ভুল বুঝতে পেরে ‘সরি, সরি’ বলে দ্রুত মঞ্চ থেকে নেমে যান।

ওই পথসভায় এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান ও সুমৈয়া ফারজানাসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জে তার কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে এনসিপির নেতারা এই পথসভায় অংশ নেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম মুঠোফোনে জানান, শফিজল ইসলাম আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং এলাকায় জনপ্রিয়তার ভিত্তিতে তাকে উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এটিই তার বড় কোনো জনসভার সামনে প্রথম বক্তব্য, যে কারণে নার্ভাস হয়ে ভুলবশত তিনি এমন স্লোগান দিয়ে ফেলেছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য শফিজল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।

ইত্তেফাক/এএম