টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সঙ্গে বংশাই নদীতে নৌকা নিয়ে ঘুরতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) গভীর রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর জেলার হাসমত মিয়ার ছেলে জিকুল হোসেন (১৮) এবং রংপুর জেলার বাসিন্দা সাজ্জাত হোসেন (১৯)।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে ২৫ থেকে ৩০ জনের একটি বন্ধুদের দল ইঞ্জিনচালিত একটি স্যালু নৌকায় করে বংশাই নদীতে ঘুরতে আসে। তারা মহেড়া জমিদার বাড়ি ঘুরে ফতেপুর স্কুলঘাট থেকে ফেরার পথে থলপাড়া এলাকায় নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারে নৌকাটি জড়িয়ে পড়ে। এতে নৌকায় থাকা কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিকুল হোসেন ও সাজ্জাত হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহত চারজনের চিকিৎসা চলছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মির্জাপুর থানার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

