বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে পারেন ট্রাম্প

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৩:২৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনাল সরাসরি মাঠে বসে উপভোগ করবেন। হোয়াইট হাউস জানিয়েছে, শুধু খেলা দেখা নয়, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ারও সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোববারের ফাইনাল ম্যাচ নিয়ে প্রেসিডেন্ট দারুণ উচ্ছ্বসিত। তার ভাষায়, এই ম্যাচের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপের পরিসমাপ্তি ঘটবে।

হোয়াইট হাউস আরও জানিয়েছে, ফাইনালের আগে শুক্রবার নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে অনুষ্ঠিত ফিফার একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ফাইনালে ট্রাম্পের ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা আগেই ছিল। সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ব্লু স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্বাগতিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফিফা সভাপতির যৌথভাবে ট্রফি প্রদান করাই প্রচলিত রীতি। সেই ধারাবাহিকতায় এবারও ট্রাম্পের সঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার আশা করছেন তিনি।

এর আগে নিউ জার্সিতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ইনফান্তিনোর সঙ্গে ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এবার বিশ্বকাপের ফাইনালেও সেই দৃশ্যের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

পুরো বিশ্বকাপজুড়েই আলোচনায় ছিলেন ট্রাম্প। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে তার প্রকাশ্য অবস্থান ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ফিফা নিষেধাজ্ঞা স্থগিত করলে ট্রাম্প সেটিকে ‘একটি বড় অবিচারের সংশোধন’ বলে মন্তব্য করেন। যদিও বালোগান পরে স্বীকার করেন, পুরো ঘটনাটি তাকে অস্বস্তিতে ফেলেছিল। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেও তিনি দলকে সাফল্য এনে দিতে পারেননি; বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র।

 

ইত্তেফাক/এসএ