ওমানের ঘানিম অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমান নিয়ন্ত্রণ রাডার এবং হরমুজ প্রণালির একটি পাথুরে এলাকায় স্থাপিত মার্কিন সামুদ্রিক নজরদারি রাডার ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, চলমান সামরিক অভিযানের ১৩তম ধাপে এই হামলা পরিচালনা করা হয়েছে। তারা বলেছে, প্রতিশোধমূলক এই অভিযান দৃঢ়তার সঙ্গে অব্যাহত থাকবে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ওপর এখনো তাদের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
এদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সিরিয়ার আল-তানফে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনীর (স্পেশাল অপারেশনস) কমান্ড সেন্টারেও হামলা চালিয়েছে আইআরজিসি।
আইআরজিসির দাবি, ইরানশাহর এলাকায় ইরানি সেনাসদস্যদের হত্যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর নতুন করে হামলা অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালি দিয়ে কোনো তেল বা গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না। তাদের দাবি, এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ এখনো ইরানের হাতেই রয়েছে।

