ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৫:৪২

ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি প্রথমবারের মতো সেতু, রেলস্টেশন, বিদ্যুৎকেন্দ্র ও বিমানবন্দরের মতো বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।  বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে পরিচালিত এসব হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের অন্তত তিনটি সেতু, একটি রেলস্টেশন ও একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, হামলায় কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএফপির তথ্যমতে, বৃহস্পতিবার রাতে আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই লেঙ্গেহ, বন্দর-ই খামির, বন্দর আব্বাসসহ হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বড় পরিসরে বিমান অভিযান চালায় মার্কিন বাহিনী।

ক্ষতিগ্রস্ত তিনটি সেতুই বন্দর-ই খামির শহরে অবস্থিত। এছাড়া বন্দর আব্বাসের একটি রেলস্টেশন ও একটি বিদ্যুৎকেন্দ্রও হামলার শিকার হয়েছে।

হরমুজগান প্রদেশে সড়ক, রেলওয়ে ও বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের দাবি, হরমুজগান প্রদেশের ইরানশাহর শহরের একটি বিমানবন্দর মার্কিন হামলায় ধ্বংস হয়েছে। পাশাপাশি কিশ দ্বীপে বিমান অভিযানের কারণে প্রদেশের কয়েকটি এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

এ হামলার মধ্য দিয়ে ইরানে মার্কিন সামরিক অভিযানের টানা ষষ্ঠ দিন পূর্ণ হলো।

এর আগে ১৪ জুলাই মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে রাজি না হয়, তাহলে সামরিক স্থাপনার পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকেও হামলার লক্ষ্যবস্তু করা হবে।

সেই হুমকির দুই দিনের মাথায় ইরানের একাধিক বেসামরিক স্থাপনায় হামলা চালাল মার্কিন বাহিনী।

ইত্তেফাক/এসজে