বৃত্তি বিষয়ে যে সতর্কবার্তা দিলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৬:৫৫

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে একটি প্রতারকচক্র ওটিপি ও পাসওয়ার্ডসহ অন্যান্য তথ্য চাচ্ছে বলে এমন অভিযোগ পেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

এ ধরনের প্রতারণা এড়াতে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ।

গত ১৫ জুলাই এ সংক্রান্ত সতর্কতা জারি করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

সতর্কীকরণ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের ভুয়া পরিচয় দিয়ে প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে ওটিপি ও পাসওয়ার্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য চাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের সন্দেহভাজন ফোনের বিপরীতে কোনো ধরনের তথ্য বা ওটিপি প্রদান করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

এতে আরও জানানো হয়, ট্রাস্টের কোনো কর্মকর্তা বা কর্মচারী উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অথবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে কোনো ধরনের ওটিপি জানার জন্য যোগাযোগ করেন না।

সব উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা যাতে কোনো ওটিপি বা পাসওয়ার্ড এবং উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কোনো তথ্য অন্য কারও কাছে প্রদান বা হস্তান্তর না করেন সে বিষয়ে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

ইত্তেফাক/ এমএসআর