দাপট দেখিয়ে সিরিজে সমতায় ফিরল টাইগাররা

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ২০:৩২

ব্যাটিং ও বোলিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা।

জয়ের নায়ক হয়ে ওঠেন মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাট হাতে মাত্র ১০ বলে চারটি ছক্কা ও একটি চারে ৩১ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন তিনি। পরে বোলিংয়েও একটি উইকেট তুলে নিয়ে পারফরম্যান্সে পূর্ণতা আনেন।

দলের জয়ে জোড়া ফিফটি হাঁকান দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। বল হাতে ৩.৪ ওভারে মাত্র ২৬ রানে ৪ উইকেট শিকার করেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ৩২ রানের হার দিয়ে সিরিজ শুরু করে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ৩৪ রানের জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে তারা। এখন রোববারের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য।

আজ শুক্রবার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তারা দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উদ্বোধনীতে দ্বিতীয় সর্বোচ্চ (১২০) রানের জুটি গড়েন।

এরপর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ দল। মাত্র ২১ রানের ব্যবধানে ফেরেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান। 

১৬.৫ ওভারে ১৪১ রানে ৫ উইকেট পতনের পর; মাত্র ১৯ বলে ৪টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাইফউদ্দিন ও ইয়াসির আলি। তাদের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। মাত্র ১০ বল খেলে চারটি ছক্কার সাহায্যে ৩১ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১২ বলে দুই চার আর এক ছক্কায় ২২ রান করেন ইয়াসির আলি।  

ইনিংসের শুরুতেই ২১ রানে তিন উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় জিম্বাবুয়ে। এরপর অধিনায়ক সিকান্দার রাজা ও মিল্টনের ৪৪ রানের জুটি কিছুটা আশা জাগালেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস, আর ৩৪ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ইত্তেফাক/ আরএইচ