আসছে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ২০:৩৮

একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালের ২ আগস্ট দেশটির বিস্তীর্ণ এলাকাজুড়ে এই বিরল ও ঐতিহাসিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি ঘটবে। দীর্ঘ ৭৫ বছরেরও বেশি সময় পর সৌদি আরবের আকাশে এমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। যা প্রত্যক্ষ করবেন লাখ লাখ বাসিন্দা ও দর্শনার্থী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গালফ নিউজ ও সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) পৃথক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন সৌদি আরবের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকা প্রায় ছয় মিনিটের জন্য সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে। এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস বিজ্ঞানী ও জ্যোতির্বিদদের জন্য সূর্যের করোনা নিয়ে গবেষণার একটি বিরল সুযোগ তৈরি করবে।

সৌদি আরবের মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, আভা শহরসহ কয়েকটি এলাকায় প্রায় ছয় মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যেতে পারে। অন্যদিকে জেদ্দা এবং পশ্চিম উপকূলের কিছু অঞ্চলে অন্ধকার স্থায়ী হতে পারে প্রায় পাঁচ মিনিট ৫০ সেকেন্ড।

সংস্থাটি জানিয়েছে, এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা সৌদি আরবকে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ও নথিভুক্ত করার জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করবে। একই সময়ে প্রতিবেশী দেশ মিশরে সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব দেখা যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাকি অংশের বাসিন্দারাও আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবেন। এ সময়ে কিছু অঞ্চলে সূর্যের ৮০ শতাংশ পর্যন্ত ঢেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর সঠিক সময় ও বিস্তৃতি স্থানভেদে ভিন্ন হবে।

সৌদি মহাকাশ সংস্থা জনগণকে সূর্যগ্রহণ পর্যবেক্ষণের আহ্বান জানিয়ে সংস্থাটি সতর্ক করে বলেছে, অনুমোদিত গ্রহণ চশমা বা বিশেষ ফিল্টারযুক্ত যন্ত্র ছাড়া সরাসরি সূর্যের দিকে না তাকানোর বিষয়ে সতর্ক করেছে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেছেন, সূর্যগ্রহণের পূর্ণগ্রাস লোহিত সাগরের উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান এবং নাজরানসহ কয়েক ডজন শহর ও গভর্নরেটের ওপর দিয়ে অতিক্রম করবে।

পূর্ণগ্রাস চলাকালীন দিনের আলো কিছু সময়ের জন্য গোধূলির মতো দেখাবে। এ সময়ে তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।

ইত্তেফাক/ এমএসআর