বিরল মহাজাগতিক ঘটনায় ৬ মিনিট পর্যন্ত অন্ধকারে ডুবে থাকবে যেসব অঞ্চল

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৯:১৫

আগামী বছর একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। ২০২৭ সালের ২ আগস্ট সংঘটিত হতে যাওয়া এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা দেশটির বিস্তীর্ণ এলাকায় দৃশ্যমান হবে, যা দেখতে পারবেন লাখো মানুষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ও দক্ষিণ সৌদি আরবের কিছু অঞ্চলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কারণে প্রায় ছয় মিনিট পর্যন্ত দিনের বেলায় অন্ধকার নেমে আসবে। এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস বিজ্ঞানীদের সূর্যের করোনা বা বহিঃস্তর পর্যবেক্ষণের বিরল সুযোগ করে দেবে।

সৌদি মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, আভা শহরসহ কয়েকটি এলাকায় প্রায় ছয় মিনিট ধরে পূর্ণগ্রাস দেখা যাবে। অন্যদিকে জেদ্দা ও দেশটির পশ্চিম উপকূলের কিছু স্থানে প্রায় পাঁচ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত সূর্য সম্পূর্ণ আড়ালে থাকবে।

সংস্থাটি জানিয়েছে, এই সূর্যগ্রহণ সৌদি আরবকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহণ পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। একই সময়ে প্রতিবেশী মিশরের কিছু এলাকায় পূর্ণগ্রাসের স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে সৌদি আরবের অন্যান্য অঞ্চলেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও কোথাও সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চাঁদের আড়ালে চলে যেতে পারে। তবে গ্রহণের সময় ও দৃশ্যমানতার মাত্রা অঞ্চলভেদে ভিন্ন হবে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানিয়েছেন, পূর্ণগ্রাসের পথ লোহিত সাগরের উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ সৌদি আরবের কয়েক ডজন শহর ও গভর্নরেট অতিক্রম করবে।

ইত্তেফাক/এসজেএস