যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জিততে পারলে আজেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পাবেন। তবে প্রতিপক্ষ স্পেন হওয়ায় তার পরিবারের জন্য ম্যাচটি বাড়তি আবেগের।
স্ত্রী ও দুই সন্তানের জন্ম স্পেনে হলেও, তারা সবাই আর্জেন্টিনাকেই সমর্থন করবেন বলে জানিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন এই কোচ।
ফাইনালের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, ‘আমার স্ত্রী এবং আমার ছেলেরা অবশ্যই আমাদের, অর্থাৎ আর্জেন্টিনার পক্ষেই থাকবে। আমার স্ত্রী স্প্যানিশ হলেও সে খুব ভালো করেই জানে আমার ভেতরে কী আছে এবং এই দলের জন্য আমি কতটা অনুভব করি। আর আমার ছেলেদের কথা তো বলাই বাহুল্য।’
স্কালোনির স্ত্রী এলিসা মনতেরোর সঙ্গে তার পরিচয় হয় ২০০৮ সালে স্পেনের মায়োর্কায়। সে সময় ইতালির ক্লাব লাৎসিও থেকে ধারে মায়োর্কায় খেলতে গিয়েছিলেন তিনি। পরে সেখানেই তাদের সংসার শুরু হয়। ২০১২ সালে জন্ম নেয় বড় ছেলে ইয়ান এবং ২০১৬ সালে ছোট ছেলে নোয়া। দুজনেরই জন্ম স্পেনের মায়োর্কায়।
জন্মসূত্রে স্প্যানিশ হলেও ছোটবেলা থেকেই বাবার কারণে আর্জেন্টিনার সমর্থক ইয়ান ও নোয়া। ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা উদযাপনের সময় বাবার সঙ্গে আকাশি-সাদা জার্সি পরে উল্লাস করতেও দেখা গেছে তাদের।
তবে পরিবারের সবার অবস্থান এক নয় বলে জানিয়েছেন স্কালোনি। বিশেষ করে তার স্ত্রীর আত্মীয়দের জন্য ফাইনালটি হবে আবেগের লড়াই।
স্কালোনি বলেন, ‘মায়োর্কায় আমাদের পরিবারের অন্য সদস্যরাও আছেন, যাদের হৃদয় নিশ্চয়ই দুই ভাগ হয়ে থাকবে। তাদের জন্য এটি সত্যিই কঠিন একটি পরিস্থিতি, আর আমি সেটি বুঝতে পারি। তবে যাই হোক, শেষ পর্যন্ত তারা খুশিই থাকবে।’
স্কালোনির স্ত্রীর পরিবারের সবাই মায়োর্কার বাসিন্দা। তাই স্বাভাবিকভাবেই তারা চাইবেন স্পেন বিশ্বকাপ জিতুক। তবে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও পরিবারের একাংশের আনন্দ দেখে তারা সান্ত্বনা খুঁজে পাবেন বলেই মনে করেন আর্জেন্টিনা কোচ।

