প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। ফলে আগামী দিনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী, আগামী সোমবার (২০ জুলাই) বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা বার্নহ্যামকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নতুন মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
জানা যায়, বার্নহ্যামের দলীয় নেতৃত্ব নিশ্চিত করতে গতকাল বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্ভাব্য এ প্রধানমন্ত্রী জানান, তিনি দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত।
অ্যান্ডি বার্নহ্যাম জানান, তার নেতৃত্বে লেবার পার্টি আবার শ্রমজীবী মানুষের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। জনসেবা, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক বৈষম্য কমানো হবে তার সরকারের মূল অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী হলেও নিজেকে বদলে ফেলবেন না জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই নীতি নির্ধারণ করবেন এবং জনগণের কাছাকাছি থেকেই নেতৃত্ব দেবেন।
লেবার পার্টির আইনপ্রণেতাদের মধ্যে অ্যান্ডি বার্নহ্যাম অন্যতম জনপ্রিয়। জনমত জরিপেও লেবার সমর্থকদের কাছে তিনি অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ। প্রায় এক দশক ধরে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তিনি ‘কিং অব দ্য নর্থ’ নামেও পরিচিত।
২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত লি আসনের সংসদ সদস্য ছিলেন বার্নহ্যাম। ওই সময়ে যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।
এর আগে, দলীয় প্রধান হওয়ার লড়াইয়ে আরও দুবার অংশ নিয়েছিলেন বার্নহ্যাম। ২০১০ সালে তিনি এড মিলিব্যান্ড এবং ২০১৫ সালে জেরেমি করবিনের কাছে পরাজিত হন।

