ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেমিফাইনালের এই ম্যাচে ৫৫ মিনিটে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর রক্ষণাত্মক খেলার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তার এই রণকৌশলই এখন ফুটবল মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে।
ইংল্যান্ডের এই হারের পর বিশ্লেষকদের তুমুল সমালোচনার মুখে পড়ে টুখেলের কৌশল। কেউ কেউ পদত্যাগও দাবি করেন। সমালোচকদের সে তালিকায় এবার যোগ দিলেন নতুন এক ফুটবল-বিশ্লেষক, ডোনাল্ড ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট গতকাল ট্রাম্প টাওয়ারে ফিফার এক অনুষ্ঠানে কথা বলেন ইংল্যান্ডের সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে। ট্রাম্পের ভাষায়, ‘ইংল্যান্ড দলে এক দারুণ খেলোয়াড় আছে, যার সঙ্গে আমি গলফ খেলেছি। আপনারা তো তা জানেনই, তা-ই না? হ্যারি (কেইন), ও সত্যিই অসাধারণ। তবে আমার মনে হয়, ওকে রক্ষণাত্মক খেলোয়াড় হিসেবে খেলিয়ে তারা হয়তো একটা ভুল করে ফেলেছে।’
এরপর ট্রাম্প বলেন, ‘ফুটবল সম্পর্কে আমি আর কতটুকুই-বা বুঝি! তারা ম্যাচে এগিয়ে গেল, আর তখনই তাদের সেরা খেলোয়াড়টিকে রক্ষণে নামিয়ে দিল। একটু আক্রমণাত্মক হওয়া উচিত ছিল, তা-ই না? আমি নিশ্চিত করে কিছু বলছি না। কোচিং নিয়েই–বা আমি কী জানি! তবে সিদ্ধান্তটা বেশ অদ্ভুত ছিল, আর হ্যারি মানুষ হিসেবে আসলেই দারুণ।’
ট্রাম্প ও কেইন-দুজনেই ১৮ মাস আগে ওয়েস্ট পাম বিচে একসঙ্গে গলফ খেলার কথা জানিয়েছিলেন। ইএসপিএন-কে সূত্রগুলো জানিয়েছে, ইংল্যান্ডের হারের ধরন নিয়ে সমালোচনা হলেও ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সমর্থন পাচ্ছেন টুখেল। ২০২৮ ইউরো পর্যন্ত তিনি ডাগআউটে বহাল থাকছেন বলেই আশা করা হচ্ছে।
আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ড কোচ টুখেল এগিয়ে যাওয়ার পর ছক বদলে পাঁচ ডিফেন্ডারের কৌশলে চলে যান এবং ম্যাচ শেষ হওয়ার সময় মাঠে ছিলেন ইংল্যান্ডের ছয় ডিফেন্ডার। ম্যাচের শেষ পাঁচ মিনিট ও অতিরিক্ত সময়ে দুই গোল করে জয় তুলে নেয় আর্জেন্টিনা।
গতকালই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন টুখেল। সেখানে তার কৌশল নিয়ে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। টুখেল রসিকতা করে প্রশ্নকারীকে বলেন, ‘আপনি কি এই মামলায় ডোনাল্ড ট্রাম্পকে আপনার সাক্ষী হিসেবে দাঁড় করাচ্ছেন..? আমি স্রেফ জানতে চাচ্ছি।’
কেইনের পজিশন নিয়ে টুখেলের ব্যাখ্যা, ‘কোন পরিস্থিতিতে হ্যারি বেশি নিচে নেমে খেলেছে? ঠিক কী বোঝাতে চাচ্ছেন? ম্যাচের শেষ ৩০ মিনিটের কথা বলছেন? আমরা তখন “ডিপ ব্লক” পজিশনে খেলছিলাম। আপনি যখন দলগতভাবে রক্ষণ সামলানোর কৌশল নেবেন, তখন এটাই স্বাভাবিক। আমরা রক্ষণেই মনোযোগ দিয়েছিলাম...দল বাধ্য হয়ে নিচে নেমে খেললে হ্যারিকেও নিচে নেমেই ডিফেন্ড করতে হবে।’

