এইচএসসি পরীক্ষা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৬:৪৫

নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার বাজনাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাফিজ ও স্বাধীন। তারা দুজনেই স্থানীয় আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার এইচএসসি পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগির গাড়ি (ঘটনার সময় গাড়ি খালি ছিল) পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন তারা দুজন। হঠাৎ চোখের পলকে একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করেছে পুলিশ।

শিবপুর থানার ওসি মো. কোহিনূর মিয়া স্থানীয়দের বরাতে বলেন, নিহত দুজন আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। আজকের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এপি