ইরানে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালালে সমান শক্তিতে পাল্টা জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ সময় তারা পবিত্র কোরআনের সূরা বাকারার ১৯৪ নম্বর আয়াতের উদ্ধৃতিও দিয়েছে।
শনিবার (১৮ জুলাই) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর ওপর ইরানের পাল্টা হামলার পর এই হুঁশিয়ারি এসেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরুদ্ধে কার্যকর কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান না থাকায় তাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। বিবৃতিতে কোরআনের সূরা আল-বাকারার ১৯৪ নম্বর আয়াত উল্লেখ করে বলা হয়েছে, “কেউ যদি তোমাদের ওপর আক্রমণ করে, তাহলে তোমরাও তাদের ওপর সমান আক্রমণ করো।”
আইআরজিসি আরও সতর্ক করে দিয়েছে যে, উপসাগরীয় অঞ্চলের যেসব দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে এবং ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তা করেছে, তাদেরও এর জবাবদিহি করতে হবে।
এই হুঁশিয়ারি এমন এক সময়ে এসেছে যখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দিন ধরে পাল্টাপাল্টি হামলা চলছে। এখন পর্যন্ত উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
হরমুজ প্রণালি বিশ্বের বড় বড় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকায় সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

