হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৮৪ 

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৯:৪৪

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৭৩ শিশু।

শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় একজন এবং সিলেটে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও হামে আক্রান্ত হয়ে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এক লাখ ১৬ হাজার ৭১০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ১৪ হাজার ৩১৮ শিশু হামে আক্রান্ত হয়েছে।

এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৪৯ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৫ হাজার ৫২৯ জন।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৬৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৯৮ শিশু।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত পরীক্ষায় মোট ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ইত্তেফাক/এসজে