আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলের মোহাম্মাদিয়া এলাকায় রাষ্ট্রীয় একটি শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের ওই আবাসিক প্রতিষ্ঠানে আগুন লাগে।
প্রতিষ্ঠানটি মূলত এতিম, পরিত্যক্ত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আশ্রয়, চিকিৎসা ও সামাজিক সহায়তা দেওয়ার জন্য পরিচালিত হয়ে আসছিল। দেশটির সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, আগুন লাগার পর উদ্ধারকারীরা ঘন ধোঁয়ার মধ্যে কাজ করে বেশ কয়েকজনকে বের করে আনতে সক্ষম হন।
উদ্ধার অভিযানে ১০ জনকে বিভিন্ন মাত্রার দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত দুজন এবং মানসিক আঘাতপ্রাপ্ত আরও সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া পাঁচজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করে উদ্ধার তৎপরতা দেখছেন। সিভিল প্রোটেকশনের ছবিতে উদ্ধারকারীদের ধোঁয়ায় ভরা করিডোরে আগুন নিয়ন্ত্রণ ও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তিব্বুন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধানমন্ত্রী সিফি ঘিরিব আহতদের চিকিৎসা তদারকিতে মুস্তফা পাশা ইউনিভার্সিটি হাসপাতালে যান।
ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযান শেষ হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে নিরাপত্তা ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে।
সূত্র: আল জাজিরা

