ফাইনালের আগে ইয়ামালদের সতর্কবার্তা দিলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০২:১২

অবশেষে পর্দা নামতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের।  ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকা স্পেন। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। 

ফাইনালের আগে লামিনে ইয়ামাল-রদ্রিদের সতর্কতা বার্তা দিয়েছেন ২০১০ সালে স্পেনকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচ ভিসেন্তে ডেল বোসকে। আর্জেন্টিনাকে হালকাভাবে না নেওয়ার জন্য স্প্যানিশ খেলোয়াড়দের কড়া বার্তা দিয়েছেন ৭৫ বছর বয়সী এই মাস্টারমাইন্ড।

স্প্যানিশ সংবাদপত্র এল পাইস-এ প্রকাশিত একটি সাক্ষাৎকারে ডেল বোসকে বলেন, ‘আর্জেন্টিনা খুবই কঠিন এক প্রতিপক্ষ। তারা খুব ভালো করেই জানে ম্যাচ জিততে হলে তাদের ঠিক কী করতে হবে।’

চলতি বিশ্বকাপে স্পেনের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন ডেল বোসকে। টুর্নামেন্টে স্পেনের আধিপত্য ও আত্মবিশ্বাসী ফুটবল দেখে তিনি আশাবাদী যে এবার ট্রফিটি স্পেনই ঘরে তুলবে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা যেসব ম্যাচ দেখেছি, সেখানে খেলা পুরোপুরি স্পেনের নিয়ন্ত্রণে ছিল। তারা পুরো পরিস্থিতি শাসন করেছে এবং মাঠে প্রবল আত্মবিশ্বাসের প্রমাণ দিয়েছে।’

ইত্তেফাক/জেডএইচ