এবার হজ ও ওমরাহ যাত্রীদের জন্য চালু হলো ডিজিটাল সেবা

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৫

হজ ও ওমরাহ যাত্রীদের সুবিধার্থে মক্কার মসজিদুল হারামে নতুন প্রযুক্তিনির্ভর ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে তাওয়াফ ও সায়ীর সময় বিভিন্ন স্থানের রিয়েল-টাইম ভিড়ের তথ্য জানতে পারবেন। এর ফলে মুসল্লিরা তুলনামূলক কম ভিড়ের পথ বেছে নিয়ে স্বাচ্ছন্দ্যে ইবাদত সম্পন্ন করতে পারবেন।

শনিবার (১৮ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন সেবার মাধ্যমে গ্র্যান্ড মসজিদের তাওয়াফ ও সায়ীর নির্ধারিত এলাকাগুলোর ভিড়ের ঘনত্ব তাৎক্ষণিকভাবে দেখা যাবে। পাশাপাশি ভিড় এড়িয়ে চলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে।

মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীর তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ইবাদতকারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং সার্বিক অভিজ্ঞতা উন্নত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কিউআর কোড স্ক্যান করে এই ডিজিটাল সেবা ব্যবহার করা যাবে। প্ল্যাটফর্মটি নিয়মিত হালনাগাদ তথ্য দিয়ে গ্র্যান্ড মসজিদ এলাকায় চলাচল সহজ করবে এবং ভিড় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সহায়তা করবে।

কর্তৃপক্ষের আশা, নতুন এই প্রযুক্তির মাধ্যমে হজ ও ওমরাহ যাত্রীরা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে তাওয়াফ ও সায়ী সম্পন্ন করতে পারবেন।

ইত্তেফাক/এসজেএস