যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ইসলামাবাদ সমঝোতা’ চুক্তি স্থগিতের ঘোষণা ইরানের

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৩:৩৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ এর আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত ঘোষণা করেছে ইরান। দুই দেশের চলমান সামরিক উত্তেজনার মধ্যেই শনিবার এ সিদ্ধান্তের কথা জানায় তেহরান।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি এ ঘোষণা দিয়ে বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া এ সমঝোতার আওতায় থাকা প্রতিশ্রুতিগুলো আর বাস্তবায়ন করবে না তেহরান।

গত জুনে যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দেশের মধ্যে ১৪ দফার ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ সই হয়। অন্তর্বর্তী এ চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে ছিল হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার এবং কয়েক সপ্তাহের সংঘাতের পর ধাপে ধাপে উত্তেজনা কমিয়ে আনা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে জানানো হয়, যুক্তরাষ্ট্র সমঝোতার আওতায় থাকা নিজেদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন ও স্থগিত করেছে। এর প্রতিক্রিয়ায় ইরানও চুক্তির বাস্তবায়ন এবং এর অধীন থাকা সব অঙ্গীকার স্থগিত করেছে।

কাজেম ঘরিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাব হিসেবেই ইরান এ সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে দেশ রক্ষাই তাদের প্রধান অগ্রাধিকার এবং তাই চুক্তির কোনো প্রতিশ্রুতি আর বাস্তবায়ন করা হচ্ছে না।

এর আগে একাধিকবার ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছিলেন। একই সঙ্গে তারা সতর্ক করেছিলেন, মার্কিন হামলা অব্যাহত থাকলে সমঝোতাটি কার্যত অকার্যকর হয়ে পড়তে পারে।

এদিকে দুই দেশের সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৬ জুলাই থেকে শুরু হওয়া নতুন দফার মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন।

অন্যদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সেনাদের আশ্রয় দেওয়া দেশগুলোকে একই ধরনের পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে।

গত শুক্রবার রাতে মার্কিন হামলায় ইরানের একটি পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষের বিশুদ্ধ পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

এদিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বাহরাইনে একাধিকবার বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়েছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা তাদের আকাশসীমার দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

ইত্তেফাক/এসজে