মেসি আমার বন্ধু, সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে- বিশ্বকাপ ফাইনালের আগে রোনালদিনহো

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৭:০৯

বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে আর্জেন্টিনার প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। চিরপ্রতিদ্বন্দ্বীতার দেয়াল ভেঙে লিওনেল মেসির আলবিসেলেস্তেদের লড়াইয়ের মানসিকতা আর ইস্পাতকঠিন ঐক্য মুগ্ধ করেছে সাবেক এই ব্রাজিলিয়ান জাদুকরকে।

রোববার (১৯ জুলাই) রাতে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। জিও গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘এটাই আর্জেন্টিনা। এটি সেই ধরনের ফুটবল, যা আমি দেখতে ভালোবাসি। প্রতিটি ম্যাচে খেলোয়াড়রা যে নিবেদন দেখায়, সেটি অসাধারণ।’

আর্জেন্টিনার ঐতিহ্যগত লড়াকু মানসিকতা নজর কেড়েছে রোনালদিনহোর। তার মতে, মেসি এখনো দলের কঠিন মুহূর্তে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন, ‘আর্জেন্টিনা সব সময় এমনই ছিল, তাই না? এটি পুরোপুরি লড়াইয়ের মানসিকতা, পুরোপুরি হৃদয় দিয়ে খেলা। এই পরিচিতি তাদের আগে থেকেই আছে এবং এবারও তারা একইভাবে এগিয়ে এসেছে। আর সেখানে আছে মেসি, আমার বন্ধু। সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে।’

শুধু মাঠের পারফরম্যান্স নয়, মেসির প্রতি সতীর্থদের আস্থা ও দলের ঐক্যও নজর কেড়েছে রোনালদিনহোর। তিনি বলেন, ‘দলটির মধ্যে যে বিনয় রয়েছে, সেটিও দারুণ। সবাই তার (মেসির) জন্য দৌড়ায়, তারা জানে কখন তাকে বল দিতে হবে। তারা এটাও জানে যে, সে পার্থক্য গড়ে দিতে পারে এবং একটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। তাই তাদের এই ঐক্য দেখতে খুবই সুন্দর লাগে।’

মেসি ও রোনালদিনহোর সম্পর্কের শুরু বার্সেলোনায়। মূল দলে অভিষেকের আগেই আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে তার পরিচয় হয়েছিল। এরপর চার মৌসুম একসঙ্গে খেলেছেন দুজন; জিতেছেন পাঁচটি অফিসিয়াল শিরোপা। যার মধ্যে রয়েছে ২০০৫-০৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সেই সময় থেকেই রোনালদিনহো ও মেসির মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব এখনো অটুট।

নিউজার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল শুরু হবে রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। মেসির জন্য এটা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। তার আগে সাবেক সতীর্থের প্রশংসা নিঃসন্দেহে উৎসাহ যোগাবে দশ নম্বর জার্সিধারীকে।

ইত্তেফাক/এসএইচ