মার্কিন সামরিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৭:০৯

ইরাক সীমান্ত সংলগ্ন খুজেস্তান প্রদেশের আহভাজ শহরের আকাশে মার্কিন একটি 'এমকিউ-৯' ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আকাশসীমা লঙ্ঘনের দায়ে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে দাবি তেহরানের।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছে।

মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুসারে, এমকিউ-৯ রিপার একটি উন্নত দূরনিয়ন্ত্রিত চালকবিহীন বিমান। এটি মূলত গোয়েন্দা সংগ্রহ, নজরদারি এবং লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহার হয়।

এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরান। এসব হামলার পর কুয়েত ও বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের আগ্রাসনের পর তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোদমে সক্রিয় করেছে। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় এই ব্যবস্থা চালু রয়েছে। এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলা হয়, যেকোনো বিস্ফোরণের শব্দ আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাজের ফল।

ইরানের সেনাবাহিনী আরও জানিয়েছে, কুয়েতের ক্যাম্প বুহরিংয়ের গোলাবারুদের ডিপো এবং আলি আল সালেম বিমানঘাঁটির প্রতিরক্ষা রাডার সিস্টেমে বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে।

একইসঙ্গে উপসাগরীয় প্রতিবেশী বাহরাইনেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে দেশটিতে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকতে এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে।

ইত্তেফাক/এবিএস