জামালপুরে অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৭:২০

জামালপুরের মেলান্দহে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতরা হলেন- মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫) এবং তুষার (৩৮) দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকা বাসিন্দা।

আহতদের স্বজনরা জানান, দুপুরে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী অটোরিকশাটি বেতমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহত অপর নারীকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উজ্জ্বল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুই নারী মারা গেছেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি জানতে পেরে জামালপুর জেনারেল হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি