সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের ফ্ল্যাটে আদালতের নির্দেশে ইনভেনটরি করতে গিয়ে একটি বিলাসবহুল রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কার্ডের তথ্য অনুযায়ী, এটি ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের Rolex Cellini Date (মডেল-৫০৫১৯), যার বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।
রোববার (১৯ জুলাই) আদালতের নির্দেশে দুদকের কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গুলশানের দুটি ফ্ল্যাটে প্রবেশ করে মালামাল ও নথিপত্রের তালিকা তৈরির সময় ওয়ারেন্টি কার্ডটি পান।
দুদকের হাতে আসা কার্ডে দেখা যায়, ২০১৯ সালের ২৪ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনের বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর Harrods থেকে ঘড়িটি কেনা হয়। এতে মালিক হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর নাম, মডেল নম্বর ৫০৫১৯ এবং সিরিয়াল নম্বর ৭৩৪৫২৪৫৯ উল্লেখ রয়েছে।
আন্তর্জাতিক ঘড়ির বাজারসংশ্লিষ্ট বিভিন্ন অনলাইন সূত্র অনুযায়ী, একই মডেলের ব্যবহৃত ঘড়ির বর্তমান মূল্য ১৩ হাজার থেকে ১৭ হাজার মার্কিন ডলারের মধ্যে। আর নতুন বা অব্যবহৃত ঘড়ির দাম প্রায় ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ ৩৪ হাজার টাকা। সর্বোচ্চ বাজারমূল্য হিসেবে ১৭ হাজার ডলার ধরা হলে এর দাম দাঁড়ায় প্রায় ২০ লাখ ৯৬ হাজার টাকা। ফলে ঘড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।
আদালতের নির্দেশে ফ্ল্যাট দুটির মালামাল ও নথিপত্রের তালিকা তৈরির পাশাপাশি সেগুলো দুদকের নিযুক্ত রিসিভারের নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়াও চলছে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরে তার বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করা হয়।
এর আগে আদালত যুক্তরাজ্যে তার নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোক এবং সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি কোম্পানিতে করা বিনিয়োগও অবরুদ্ধ করা হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী, এসব সম্পদ ও বিনিয়োগের মোট মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।

