বুড়িগঙ্গায় ট্রলারডুবি, নিখোঁজ দুজন সাঁতরে উঠেছে অন্য পাড়ে

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৮:০২

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই যাত্রীর সন্ধান পাওয়া গেছে। ট্রলার থেকে পড়ে যাওয়ার পর সাঁতার কেটে তাঁরা নদীর অন্য পাশে ওঠেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (১৯ জুলাই) সকালে সদরঘাটে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর আটজন নিরাপদে তীরে উঠলেও দুইজন নিখোঁজ থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, ট্রলার থেকে পড়ে যাওয়ার পর নিখোঁজ দুই যাত্রী নদীর অন্য পাশে সাঁতরে উঠেছে। তাদের কাছে মুঠোফোন না থাকায় পরে তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে পাড়ে ওঠার বিষয়টি জানান। ট্রলারের মালিক ফায়ার সার্ভিসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তাই আর কেউ নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শেষ করেছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, অন্য কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত করে উদ্ধারকারী দল স্টেশনে ফিরে গেছে।

এর আগে সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা জানান, গাজীপুরের কড্ডাবাজার থেকে তৈরি নতুন ট্রলারটি কুমিল্লার মুরাদনগরে নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকায় পৌঁছালে ট্রলারটির প্রপেলার কোনো কিছুর সঙ্গে আটকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

ইত্তেফাক/এসজেএস