মালিতে সামরিক বহরে হামলায় ৫০ সেনা নিহত, বন্দী আরও ২৪ সেনা

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৯:১২

পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে সশস্ত্র তুয়ারেগ বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ৫০ সেনা নিহত হয়েছেন। আরও অন্তত ২৪ সেনাকে বন্দী করা হয়েছে বলে স্থানীয় ও সামরিক সূত্রগুলো জানিয়েছে।

রোববার (১৯ জুলাই) এএফপিকে সূত্রগুলো জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় শহর আনেফিস থেকে সেনারা সরে যাওয়ার সময় তাদের বহরে হামলা চালানো হয়।

ক্ষমতাসীন সামরিক জান্তার ঘনিষ্ঠ এক স্থানীয় জনপ্রতিনিধি বলেন, ‘হামলায় হতাহতের সংখ্যা অনেক বেশি। ৫০ জনের বেশি সেনা নিহত হয়েছেন। অন্তত ২৪ জনকে বন্দী করা হয়েছে।’

স্থানীয় সূত্রগুলোর মতে, সাম্প্রতিক বছরগুলোয় মালির সেনাবাহিনীর ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি।

ইত্তেফাক/এসএইচ