দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৭ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৪২ জন এবং সিলেট বিভাগে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৮৫ জনে। এর মধ্যে শুধু জুলাই মাসেই এখন পর্যন্ত ৪ হাজার ৩৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসেই প্রাণ হারিয়েছেন ১৬ জন। এছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন এবং জুন মাসে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

