চুয়াডাঙ্গা

পুলিশ সুপারের হাত থেকে ফুল নিয়ে ১৭ মাদকসেবীর আত্মসমর্পণ

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২১:৩১

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে একজন নারীসহ মোট ১৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন। এ সময় আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে বরণ করে নেন চুয়াডাঙ্গার পুলিশ সুপারসহ আমন্ত্রিত অতিথিরা। 

শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জীবননগর থানা ও ৭ নম্বর মনোহরপুর ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা ও জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুউল্লাহ্ এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ। 

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। সামাজিক সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমেই মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব।

​অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। আত্মসমর্পণকারীদের সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। 

ইত্তেফাক/এসএএস