পর্দা নামতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো শিরোপাজয়ী দল স্পেন। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
আর মাত্র একটি ম্যাচ জিততে পারলেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বে আর্জেন্টিনা। তবে শিরোপা জিততে হলে দুই অভিশাপ কাটিয়ে উঠতে হবে আলবিসেলেস্তেদের।
সেমিফাইনাল জয়ের পর ফ্রান্সকে টপকে আবারও ফিফা র্যাংকিংয়ের এক নম্বর স্থানটি পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। যা সুখবর মনে হলেও বিশ্বকাপের ইতিহাসে এর একটি অন্ধকার দিক রয়েছে। ১৯৯৩ সালে ফিফা র্যাংকিং প্রথা চালু করার পর থেকে আজ পর্যন্ত কোনো দল র্যাংকিংয়ের এক নম্বরে থেকে বিশ্বকাপ জিততে পারেনি।
১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানি শীর্ষ দল হিসেবে টুর্নামেন্টে অংশ নিয়েছিল, কিন্তু সেবার ট্রফি জেতে ব্রাজিল। এরপর থেকে গত তিন দশকে কোনো এক নম্বর দল এই বৃত্ত ভাঙতে পারেনি।
আর্জেন্টিনার সামনে দ্বিতীয় বড় চ্যালেঞ্জটি হলো টানা দুবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া, যা আধুনিক ফুটবলে প্রায় অসম্ভব এক কীর্তিতে পরিণত হয়েছে। ১৯৬২ সালে পেলের ব্রাজিলের পর বিগত ৬৪ বছরে বিশ্বের আর কোনো দেশ তাদের বিশ্বকাপ শিরোপা সফলভাবে ধরে রাখতে পারেনি। তার আগে কেবল ইতালি এই কীর্তি গড়েছিল।

