চব্বিশের অভ্যুত্থানের সময়টাতে বাংলাদেশের মানুষের দুটি লক্ষ্য ছিল। একটি ছিল বাংলাদেশটাকে হাসিনামুক্ত করা, আরেকটি ছিল তার তৈরি শাসন কাঠামো ভেঙে ফেলা। প্রথম লক্ষ্য অর্জিত হলেও দ্বিতীয় লক্ষ্য এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
গণ–অভ্যুত্থান বিষয়ে আখতার হোসেন বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানের সময়টাতে বাংলাদেশের মানুষের দুটি লক্ষ্য ছিল, এক. বাংলাদেশটাকে হাসিনামুক্ত করা। দুই. বাংলাদেশটাকে হাসিনার কাঠামোমুক্ত করা। আমরা বাংলাদেশটাকে হাসিনামুক্ত করতে পেরেছি, আওয়ামী লীগ–মুক্ত করতে পেরেছি, শাসনকাঠামো থেকে তারা পরাজিত হয়ে দিল্লিতে গিয়ে তারা আশ্রয় নিয়েছে, পালিয়ে গেছে, তারা বাংলাদেশ থেকে হারিয়ে গেছে; কিন্তু এখনো যে নিয়মকানুনের মধ্য দিয়ে হাসিনা দেশটা পরিচালনা করত, সেই নিয়মকানুন এখনো বহাল তবিয়তে রয়ে গেছে।’
তিনি বলেন, বাংলাদেশের জনগণ সংস্কার চেয়েছিল। এটা শুধু রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত ছিল না, জনগণেরও সিদ্ধান্ত ছিল। রাজনৈতিক দলগুলো আগে একমত হয়েছে, পরে গণভোটে দেওয়া হয়েছে। সেই গণভোটেও ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই সংস্কার তারা বাস্তবায়ন করতে চায় না।
সংস্কার বিষয়ে বিএনপির ভূমিকা নিয়ে আখতার হোসেন আরও বলেন, ‘দুর্ভাগ্যের বিষয়, সেই সংস্কার বাংলাদেশে তারা বাস্তবায়ন করতে চায় না। তারা সংবিধান সংশোধন কমিটির কথা বলে। আমরা তো সংবিধান সংশোধনের মধ্যে থাকতে চাইনি। আমরা এই সংবিধানের আমূল পরিবর্তন চেয়েছি। এই সংবিধানের ভিত্তিগুলোর পরিবর্তন চেয়েছি। এই সংবিধানে ফ্যাসিবাদের যত বীজ রয়েছে, সবকিছুকে উৎপাটন করে গণমানুষের সংবিধানে পরিণত করতে চেয়েছি। আমরা কুসুম কুসুম সংশোধনী না, আমরা বিপ্লবী সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটার পরিবর্তন চেয়েছি।’
তিনি অভিযোগ করেন, তারা যদি সংস্কার মেনে নেয়, তাহলে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তাই বাংলাদেশের প্রত্যেকটা স্থানীয় সরকারের কাঠামোতে একদলীয় শাসন শুরু করার পায়তারা করছে।
এসময় তিনি দাবি করেন, বাংলাদেশের প্রতিটি স্থানীয় সরকারের কাঠামোতে তারা একদলীয় শাসন করার পাঁয়তারা করছে। গোটা বাংলাদেশে যতগুলো জেলা পরিষদ আছে, সব জেলা পরিষদের প্রশাসক বিএনপির পদধারীরা। সিটি করপোরেশনগুলোতে প্রশাসক বিএনপির পদধারীরা। বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে তারা বিএনপির পদধারীদের প্রশাসক বানানোর পাঁয়তারা করছে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আমরা তাদের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই, এই বাংলাদেশটাকে সবার হতে দেন, এই বাংলাদেশটাকে জনগণের হতে দেন। এই বাংলাদেশকে আর আগের নিয়মে চালানো যাবে না। এই বাংলাদেশকে আবু সাঈদরা যে লক্ষ্য নিয়ে জীবন দিয়েছিলেন, সেই লক্ষ্যের ওপরে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে হবে, সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশের শাসনকাঠামো পরিচালনা করতে হবে।’
আখতার হোসেন বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের ক্রেডিট নেয়। কিন্তু স্থানীয় সরকারে দলীয় প্রতিনিধি বসানোর মধ্য দিয়ে তারা বহুদলীয় গণতন্ত্র থেকে সরে গিয়ে একদলীয় শাসনের দিকে ঝুঁকে পড়েছে।

