ট্রাম্পের জন্য নিরাপত্তার কড়াকড়ি, ম্যাচ শুরুর আগে দর্শকের মাঠে ঢুকতে পারা নিয়ে সংশয়

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২৩:২৫

স্পেন–আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে মাঠে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এই ম্যাচটিকে ‘ন্যাশনাল স্পেশাল সিকিউরিটি ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

স্পেন–আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ দেখতে মাঠে আসা সব দর্শকের শরীর ও ব্যাগ আলাদাভাবে তল্লাশি করছে মার্কিন সিক্রেট সার্ভিস। এ কারণে ম্যাচ শুরুর আগে ৮২ হাজার ৫০০ টিকিটধারীর সবাই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

মার্কিন সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট ‘দ্য গার্ডিয়ান’কে জানিয়েছেন, স্টেডিয়ামে আসা সমর্থকদের বিমানবন্দরের মতো কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে যেতে হবে। ম্যাচ শুরুর পাঁচ ঘণ্টা আগেই আকাশপথে হেলিকপ্টার টহলসহ হাজার হাজার সিক্রেট সার্ভিস এজেন্ট মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সময় আজ সকাল ৮টা থেকেই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা কর্মী ও সাংবাদিকেরা বিশাল লাইন ধরেছেন। সকাল নয়টায় গেট খোলার সময় সেই সংখ্যা প্রায় ১০ হাজারে পৌঁছায়। স্টাফদের মাত্র একটি প্রবেশপথ দিয়ে ভেতরে পাঠানো হচ্ছে, যেখানে অ্যাক্রেডিটেশন পাস স্ক্যান করার জন্য মাত্র দুজন কাজ করছেন। এরপর তাদের ছয়টি এয়ারপোর্ট স্ক্যানারে পার হয়ে ব্যক্তিগত শরীর তল্লাশির জন্য আরেকটি দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে।

ম্যাচ শুরুর ঠিক এক ঘণ্টা আগে নিজের অফিশিয়াল হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’ চড়ে স্টেডিয়ামে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ