ফাইনালের একাদশে তিন পরিবর্তন আনলো আর্জেন্টিনা 

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২৩:৩৭

পর্দা নামতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো শিরোপাজয়ী দল স্পেন। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। 

ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জেতার ম্যাচের স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। ফাইনালের একাদশ থেকে বাদ পড়েছেন নাহুয়েল মলিনা। তার জায়গায় একাদশে এসেছেন গঞ্জালো মন্টিয়েল। 

এছাড়া একাদশে ফিরেছেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। জিউলিয়ানো সিমিওনের জায়গায় খেলবেন এই মিডফিল্ডার।

শেষ পরিবর্তনে চমক রয়েছে। বাদ পড়েছেন লিয়ান্দ্রো পারেদেস। শারীরিকভাবে শতভাগ ফিট নয় তিনি। তার জায়গা নিয়েছেন নিকোলাস গঞ্জালেজ। ইংল্যান্ডের বিপক্ষে বদলি নেমে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন তিনি।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস গঞ্জালেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

ইত্তেফাক/জেডএইচ