পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২৩:৫০

পেরুর মধ্যাঞ্চলে শনিবার রাতে আঘাত হানা ৫ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং আরও প্রায় ২০ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) দেশটির স্থানীয় সংবাদপত্র ‘লা রিপাবলিকা’-এর বরাতে এই তথ্য জানা গেছে।

মার্কিন ভূত্বাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি দেশটির চুপাকা (Chupaca) শহরের কাছে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে আঘাত হানে। অগভীর উৎপত্তিস্থলের কারণে ক্ষয়ক্ষতির তীব্রতা বেশি ছিল।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে চোঙ্গোস বাজো জেলায়। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রাণহানির সবকটি ঘটনা এই জেলাতেই ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

শক্তিশালী এই কম্পনে ওই অঞ্চলের বেশ কয়েকটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা ও ঐতিহ্যবাহী স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধারকাজে সহায়তার জন্য উপদ্রুত এলাকাগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। বর্তমানে তারা সেখানে অনুসন্ধান, উদ্ধার তৎপরতা ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

ইত্তেফাক/এমএসআর