বিশ্বকাপ ফাইনাল: ব্যারিকেড ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছেন লোকজন

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০১:০৭

ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত লোকজনকে নিয়ন্ত্রণের জন্য দেওয়া ব্যারিকেড ভেঙেই ক্যাম্পাসে ঢুকেছেন লোকজন। নীলক্ষেত–সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের গেট এবং শাহবাগ থানা–সংলগ্ন দেওয়া ব্যারিকেড ভেঙে লোকজন ঢুকছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিএনসিসির কয়েকজন সদস্য জানান, বহিরাগত লোকজনের সংখ্যা বেশি হয়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে তারা সংঘবদ্ধভাবে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকেন।

এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতনকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

এর আগে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি ও যানবাহন প্রবেশে বিধিনিষেধের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে রোববার (১৯ জুলাই) সন্ধ্যা থেকে সোমবার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি ও যানবাহন প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইত্তেফাক/এমএস