কানাডার টরন্টোর বিচেস–ইস্ট ইয়র্ক আসনের আসন্ন ফেডারেল উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তানভীর শাহনেওয়াজ।
শনিবার (১৮ জুলাই) গ্লেডহিল জুনিয়র পাবলিক স্কুলে অনুষ্ঠিত লিবারেল পার্টির মনোনয়ন নির্বাচনে সাবেক অন্টারিও লিবারেল এমপিপি আর্থার পটস, ক্লেয়ার সিবর্ন ও সামার নুডেলকে পরাজিত করে বিজয়ী হন তানভীর। এ সময় স্কারবোরো–গিল্ডউড–রুজ পার্কের এমপি গ্যারি আনন্দসাঙ্গারি এবং লিবারেল এমপি ডলি বেগম উপস্থিত ছিলেন।
গত ৭ জুলাই ন্যাথানিয়েল আর্সকিন-স্মিথ এমপি পদ থেকে সরে দাঁড়ানোর পর আসনটি শূন্য হয়। তবে এখনো উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি।
দীর্ঘ এক দশক ধরে স্থানীয় রাজনীতি ও কমিউনিটি কার্যক্রমে সক্রিয় তানভীর শাহনেওয়াজ। এছাড়া ন্যাথানিয়েল আর্সকিন-স্মিথ ফেডারেল সরকারের আবাসনবিষয়ক দায়িত্ব পালনকালে তাঁর বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তানভীর।
কানাডার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় টরন্টোর স্কারবোরো নর্থ–সাউথ আসনের প্রাদেশিক উপনির্বাচনে লিবারেল পার্টির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আহসানুল হাফিজ। একই আসনে কনজারভেটিভ পার্টির প্রার্থী হয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ডা. তারুণ উল্লাহ।
এবার ফেডারেল সংসদে নির্বাচনের লক্ষ্যে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়ে সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন তানভীর শাহনেওয়াজ।

