ফিফা বিশ্বকাপ ২০২৬- এর ফাইনালে স্পেনের কাছে হৃদয়বিদারক পরাজয়ের কয়েক ঘণ্টা পর, আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়া স্যোশাল মিডিয়ায় লিওনেল স্কালোনির দলকে উদ্দেশ্য করে একটি বিশেষ বার্তা দিয়েছেন।
তাতে লিখেছেন, একটি দেশ তোমাদের নিয়ে গর্বিত।
ডি মারিয়া লেখেন, ‘একটি দেশ তোমাদের নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা ও আবেগ দেখিয়েছ, তার জন্য পুরো দেশ আবারও একত্রিত হয়েছিল। তোমরা ইতিহাস, তোমরা কিংবদন্তি, আর সেটা কেউ কখনও তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল। টানা পাঁচটি ফাইনাল—এটাও কেউ তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সবকিছুর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের সবাইকে ভালোবাসি।
সোশ্যালে এমন বার্তা দিয়ে ডি মারিয়া তার সাবেক সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন। এই দলের সঙ্গেই ২০২২ বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকার শিরোপা জিতেছিলেন ডি মারিয়া।
এদিকে যদিও গুঞ্জন ছিল যে ডি মারিয়া ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন। তবে রোসারিও সেন্ট্রালের এই খেলোয়াড় নিজেই ফাইনালের কয়েক দিন আগে তা অস্বীকার করে বলেছিলেন, আমি যাইনি এবং যাচ্ছিও না। আমি অপয়া হতে চাই না। আমি শান্তভাবে বাড়িতেই থাকছি, সেখান থেকেই খেলা দেখব।
এভাবেই ডি মারিয়া নিজের বাড়ি থেকে ম্যাচটি দেখেছেন, যা তিনি স্যোশালের মাধ্যমের আগেই জানিয়েছিলেন। তবে দূরে থেকেও তিনি পরাজয়ের পর তার সাবেক সতীর্থদের অভিনন্দন জানাতে ভোলেননি।

