যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স তাদের চতুর্থ সন্তানের জন্মের ঘোষণা দিয়েছেন। রোববার (১৯ জুলাই) মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বেথেসডায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তাদের পুত্রসন্তানের জন্ম হয়।
এক যৌথ বিবৃতিতে দম্পতি জানান, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ সকালে আমাদের পুত্র অ্যালেক নিল ভ্যান্স জন্মগ্রহণ করেছে। উষা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। আর আমাদের অন্য সন্তানরা তাদের ছোট ভাইকে পেয়ে ভীষণ আনন্দিত।’
ওহাইওর বাসিন্দা জেডি ভ্যান্স ও ভারতীয় অভিবাসী পরিবারের মেয়ে উষা ভ্যান্স ইয়েল ল' স্কুলে পড়ার সময় একে অপরের সঙ্গে পরিচিত হন। ২০১৩ সালে তারা সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন।
দম্পতির প্রথম ছেলে ইওয়ানের জন্ম ২০১৭ সালে। দ্বিতীয় ছেলে বিবেক জন্ম নেয় ২০২০ সালে এবং কন্যা মিরাবেলের জন্ম হয় ২০২১ সালে। এবার তাদের পরিবারে যোগ দিল চতুর্থ সন্তান অ্যালেক নিল ভ্যান্স।
হোয়াইট হাউস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দায়িত্বে থাকা কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঘরে ১৫০ বছরেরও বেশি সময় পর সন্তানের জন্ম হলো। এর আগে সর্বশেষ ১৮৭০ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্স দায়িত্বে থাকাকালে তার ছেলে স্কাইলার কোলফ্যাক্স তৃতীয় জন্মগ্রহণ করেছিলেন।
সাবেক মার্কিন মেরিন সদস্য জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন। ২০২১ সালে ওহাইও থেকে সিনেট নির্বাচনে প্রার্থী হওয়ার সময়ও তিনি এ বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০২৫ সালের মার্চ ফর লাইফ সমাবেশে তিনি বলেছিলেন, ‘আমি চাই যুক্তরাষ্ট্রে আরও বেশি শিশুর জন্ম হোক।’
এদিকে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পরিবারেও সম্প্রতি একের পর এক নতুন সদস্য এসেছে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার স্ত্রী কেটি মিলার সম্প্রতি তাদের চতুর্থ সন্তানের বাবা-মা হয়েছেন। এছাড়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত মে মাসে তার স্বামী নিকোলাস রিচ্চিওর সঙ্গে দ্বিতীয় সন্তানের জন্ম দেন।
সূত্র: আল জাজিরা

