ককরোচ পার্টির ‘চলো সংসদ’ মিছিলে পুলিশের লাঠিচার্জ, উত্তাল ভারত

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১২:০২

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির ঘোষিত ‘চলো সংসদ’ পদযাত্রায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র লাঠিচার্জ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুলাই)  ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে পূর্বঘোষিত এই কর্মসূচি শুরু করতেই লাঠি উঁচিয়ে চড়াও হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এর আগে রোববার দিল্লি পুলিশ এই পদযাত্রার ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে এবং এলাকাটিতে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ বা মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক সতর্কবার্তায় দিল্লি পুলিশ জানিয়েছিল যে আগাম অনুমতি ছাড়া নির্দিষ্ট যন্তর মন্তর এলাকা ব্যতীত অন্য কোথাও যেকোনো ধরনের প্রতিবাদ, মিছিল বা সমাবেশ কঠোরভাবে নিষিদ্ধ। আইন মেনে চলতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাধারণ জনগণকে অনুরোধ জানানো হলেও বিক্ষোভকারীরা তা অমান্য করে মিছিল বের করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জরুরি পদক্ষেপ হিসেবে দিল্লির পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন—রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই স্টেশনগুলোতে ট্রেন চলাচল ও যাত্রী প্রবেশ স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে গত মে মাসে ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে নামক এক ব্যক্তি সিজেপি গঠন করেন, যা অতি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এবং বিরোধী রাজনৈতিক দল, শিল্পী ও সুশীল সমাজের সমর্থন লাভ করে। 

এর আগে গত শনিবার পুলিশ অনশনরত ৫৯ বছর বয়সী প্রখ্যাত জলবায়ু ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে অসুস্থতার কারণ দেখিয়ে যন্তর মন্তর থেকে হাসপাতালে নিয়ে ভর্তি করায় আজ সোমবারের কর্মসূচিতে বাড়তি উত্তেজনা যোগ হয়।

সূত্র: এনডিটিভি

ইত্তেফাক/টিএইচ