চট্টগ্রাম

বড় পর্দায় খেলা দেখার সময় ব্রাজিল সমর্থককে ধাওয়া, আতঙ্কে দর্শকদের ছোটাছুটি

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৩:৫৫

চট্টগ্রাম নগরের সিআরবিতে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় এক ব্রাজিল সমর্থককে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে নগরের ২ নম্বর গেট এলাকায় মারামারির গুজবে আতঙ্কে ছোটাছুটি করতে দেখা গেছে দর্শকদের। 

রোববার (১৯ জুলাই) রাতে এসব ঘটনা ঘটে। দুটি ঘটনার ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, নগরের সিআরবি এলাকায় ব্রাজিলের জার্সি পরা এক কিশোরকে কয়েকজন মিলে ধাওয়া দিচ্ছেন। ধাওয়া দেওয়া ব্যক্তিদের বেশির ভাগেরই গায়ে আর্জেন্টিনার জার্সি পরা ছিল। একই সময়ে সিআরবিতে আরও একজনকে ধাওয়া এবং একপর্যায়ে তাকে মারধর করতে দেখা গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর আজ সকালে সংবাদমাধ্যমকে বলেন, শত শত দর্শক খেলা দেখেছেন। খেলা দেখার সময় দর্শকদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে কথা-কাটাকাটি হতে পারে। সিআরবি এলাকায় কাউকে মারধরের বিষয়টি পুলিশকে জানানো হয়নি। সেখানে যথেষ্ট পুলিশ ছিল।

 ভিডিওতে দেখা যায়, দর্শকেরা দৌড়াচ্ছেন। পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কিছু প্লাস্টিকের চেয়ার।

এ ঘটনা সম্পর্কে র্পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে আমি নিজে ছিলাম। খেলা চলাকালে হঠাৎ একটি মোটরসাইকেল পড়ে যায়। এ সময় মারামারির গুজবে দর্শকেরা দৌড়াদৌড়ি শুরু করেন।’

তিনি বলেন, ‘বিষয়টি দেখতে পেয়ে আমরা দর্শকদের শান্ত করি। প্রকৃত বিষয় তুলে ধরার পর দৌড়ে পালিয়ে যাওয়া দর্শকেরা পুনরায় খেলা দেখতে আসেন। শান্তিপূর্ণভাবে খেলা দেখা শেষ হয়।’

ইত্তেফাক/পিএস