বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবুতেও ইসরায়েলি হামলা

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৩:৫৭

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় ঘরবাড়ি হারানো বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত এবং শিশুসহ আরও ১০ জন আহত হয়েছেন। 

রোববার (১৯ জুলাই) পরিচালিত এই হামলায় তাঁবুগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদন থেকে এই হতাহতের খবর জানা গেছে।

আহত শিশুদের ও এক নারীকে প্রথমে জরুরি চিকিৎসার জন্য কুয়েত সাহরা ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তাদের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী হুসাম আবু হাজরাস জানান যে বাস্তুচ্যুত মানুষ যখন তাঁবুর ভেতর অবস্থান করছিলেন, তখন বিকট বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তার ওপর আহত অবস্থায় চার শিশুকে পড়ে থাকতে দেখেন এবং তাদের উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে তুলে দেন।

গত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় পরিচালিত ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যা উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে। 

এ ছাড়া গত ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চুক্তি লঙ্ঘনের মাধ্যমে গত শুক্রবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ১,১৪৪ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৩,৭০৩ জন আহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

ইত্তেফাক/টিএইচ