বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনায় হৃদ্‌রোগে দুজনের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৫:৩৩

স্পেনের বিপক্ষে ফিফা বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই ধরনের উপসর্গ নিয়ে আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর্জেন্টিনার জরুরি চিকিৎসাসেবা সংস্থার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এ তথ্য জানিয়েছে। নিউইয়র্ক–নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের একজনের বয়স ৬৭ বছর এবং অপরজনের বয়স ৮৮ বছর। এছাড়া ৭২ বছর বয়সী আরেক ব্যক্তি হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

টিওয়াইসি স্পোর্টস জানায়, ৬৭ বছর বয়সী ব্যক্তি নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হন। জরুরি চিকিৎসাকর্মীরা তাকে সিপিআর দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

অন্যদিকে, ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তি শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত জটিলতায় আক্রান্ত হলে তার মেয়ে জরুরি সেবায় যোগাযোগ করেন। পরে তাকে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হলেও প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

ফাইনাল ম্যাচকে ঘিরে বুয়েনস এইরেসে আরও কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। লাভালে ও ৯ ডি জুলিও অ্যাভিনিউর মোড়ে প্রায় চার মিটার উঁচু থেকে পড়ে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হন। তার বাঁ পায়ে ভাঙন ও স্থানচ্যুতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া উদ্‌যাপনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মারামারি, ভিড়ের মধ্যে পড়ে যাওয়া এবং অতিরিক্ত মদ্যপানের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ অ্যালকোহল বিষক্রিয়ায়, আবার কেউ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও মুখে-নাকে কাটা জখম নিয়ে চিকিৎসা নিয়েছেন।

ইত্তেফাক/এসজে