বঙ্গবন্ধু ছিলেন শোষিত ও নিপীড়িত মানুষের আপনজন: শরীফ

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০০:২২

ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন শোষিত ও নিপীড়িত মানুষকে আপনজন। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই ছিল তার সংগ্রামের উদ্দেশ্য। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করলে বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে। আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরিতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ শাহাদাৎ বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে একটি স্বপ্নের স্বনির্ভর দেশ গঠনে কাজ করছি তখন স্বাধীনতা বিরোধীরা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সকল অপশক্তিকে কঠোর হাতে দমনে আওয়ামী লীগ সরকার বদ্ধ পরিকর।

আরো পড়ুন: রক্তাক্ত ভারত-পাকিস্তান সীমান্ত, নিহত ৮

শামসুর রহমান শরীফ বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী স্বাধীনতাবিরোধীরা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। যে কোন সময় তারা আঘাত হানতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল চক্রান্ত নস্যাৎ করা হবে। দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে দমন করা হবে।

ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কবিরুল ইসলাম, দপ্তর সম্পাদক জুলমত হোসেন, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ