শেখ হাসিনা কখনোই আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং তার লাশও বাংলাদেশে জানাজা পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, শেখ হাসিনাকে দিল্লির ওই অন্ধকার প্রকোষ্ঠেই মৃত্যুবরণ করতে হবে । তার লাশ ভারত পানিতে ভাসিয়ে দেবে।
সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, এই বাংলাদেশে শেখ হাসিনার আর আসা হবে না, তার জানাজা হবে না, তার কবর হবে না। একজন মুসলমানের সন্তান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে এনসিপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন গণভোট নাকি তাঁরাই আবিষ্কার করেছেন, অথচ এখন গণভোটকে অবৈধ বলছেন। আমরা আপনাদের বলতে চাই, অন্তত নিজেদের ইতিহাসের দিকে তাকান। গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নামক দলটির গঠনও অবৈধ ছিল। গণভোট যদি অবৈধ হয়, তাহলে আপনারা যে সরকার গঠন করেছেন এবং ক্ষমতায় এসেছেন, সেটিও অবৈধ। সুতরাং গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত বাংলাদেশের জনগণ আপনাদের ছাড় দেবে না।

