ভারতের দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। সোমবার (২০ জুলাই) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে প্রচণ্ড গরমে তিনি অর্ধচেতন হয়ে পড়েন। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও আন্দোলনস্থল ত্যাগ না করে শিক্ষার্থীদের দাবির প্রতি নিজের দৃঢ় সমর্থন অব্যাহত রেখেছেন ৭৫ বছর বয়সী এই শিল্পী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যায়, অসুস্থ শাবানা আজমিকে শিক্ষার্থীরা ধরাধরি করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। প্রচণ্ড ঘাম ও গরমে তিনি প্রায় অচেতন হয়ে পড়লে নিরাপত্তারক্ষীদের সহায়তায় তাকে একটি কক্ষের ফ্যানের নিচে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর সুস্থ বোধ করলে তিনি আবারও আন্দোলনে যোগ দেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান।
এ সময় অনশনরত শিক্ষার্থীদের উৎসাহ দিতে তাদের জড়িয়ে ধরেন এবং স্নেহ প্রদর্শন করেন শাবানা। কেন্দ্রের কাছে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করেই এই শান্তিপূর্ণ প্রতিবাদ চলছে। এখানে কোনো ধরনের সহিংসতা বা অশান্তি সৃষ্টির উদ্দেশ্য নেই।
আন্দোলনস্থলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাবানা আজমি বলিউডের অন্য তারকাদের অনুপস্থিতি নিয়ে কথা বলেন। শিল্পীরা কেন আন্দোলনে আসছেন না—এমন প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘এই একই প্রশ্ন কেন দেশের বড় শিল্পপতি বা ব্যবসায়ীদের করা হচ্ছে না?’
অসুস্থতা কাটিয়ে সন্ধ্যায় যন্তর মন্তর থেকেই নতুন ভিডিও বার্তায় তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি শিক্ষার্থীদের পাশেই থাকছেন। প্রতিবাদী চেতনার বহিঃপ্রকাশ হিসেবে তিনি তার বাবা প্রখ্যাত কবি কাইফি আজমীর কালজয়ী কবিতার পঙক্তি আবৃত্তি করেন। প্রবীণ এই অভিনেত্রীর এমন লড়াকু মানসিকতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
শাবানা আজমি আরও জানান, তার স্বামী ও বিশিষ্ট কবি জাভেদ আখতারও শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। এ বিষয়ে জাভেদ আখতার ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, যন্তর মন্তরে শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানাতে ভারতের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দিচ্ছেন। গত কয়েকদিন ধরে অনশনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরছেন শাবানা আজমি ও প্রকাশ রাজের মতো জনপ্রিয় অভিনেতারা।

